নিউজপেপার ডেস্ক:: সিলেটের জাফলংয়ের প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) থেকে বেপরোয়াভাবে পাথর লুটপাটের ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) রাতে গোয়াইনঘাট থানায় এ মামলা দায়ের করা হয়।
ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুল মোনায়েম বাদী হয়ে গোয়াইনঘাট থানায় মামলাটি দায়ের করেন।মামলা নং-২৯ /৮ /২৫) মামলায় অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়, গত ৭, ৮ ও ৯ আগস্ট গভীর রাত ১টা থেকে ৪টা পর্যন্ত বৃষ্টির মধ্যে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের ইসিএভুক্ত এলাকা থেকে অন্তত ৪০ হাজার ঘনফুট পাথর লুটপাট হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি বলেও জানান গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমেদ।
তাছাড়া গত বছরের ৫ আগস্টের পর থেকে জাফলং ইসিএভুক্ত এলাকায় পাথর লুটপাটের ঘটনায় পরিবেশ অধিদপ্তর ১১টি মামলা দায়ের করেছে বলে জানান অধিদপ্তরের সহকারী পরিচালক। প্রথম মামলাটি করা হয় গত বছরের সেপ্টেম্বরে, যেখানে ৯২ জন চিহ্নিত পাথর লুটপাটকারীকে আসামি করা হয়েছিল।
তবে কেবল একজন আসামিকে সেনাবাহিনী আটক করতে পেরেছিল।
জানা যায় জাফলং ইসিএ এলাকায় পাথর লুটের ঘটনায় গত বছরের ৫ আগস্ট থেকে ১১টি মামলা দায়ের করা হয় । কিন্তু কোনো মামলারই আসামিকে পুলিশ প্রেপ্তার করেনি।
পরিবেশ অধিদপ্তরের প্রাক্তন সহকারী পরিচালক বদরুল হুদা বলেন, আমরা পুলিশকে রিকুইজিশন দিয়েছি, মামলাগুলোর বিষয়ে পুলিশ সুপারের সঙ্গেও দেখা করেছি। কিন্তু কোনো গুরুত্ব দেওয়া হয়নি। সেসময় যদি ব্যবস্থা নেওয়া হতো, তাহলে আজকের এই পরিস্থিতি তৈরি হতো না, লুটপাট ঠেকানো যেত।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার ওসি তোফায়েল আহমদ বলেন, পরিবেশ আইনের মামলাগুলো জামিনযোগ্য। সে কারণে আসামিরা জামিনে বেরিয়ে যায়।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন