• ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

কুলাউড়ায় মোবাইল চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

sylhetnewspaper.com
প্রকাশিত ডিসেম্বর ২৬, ২০২৪
কুলাউড়ায় মোবাইল চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

কুলাউড়ায় মোবাইল চুরির অপবাদ সইতে না পেরে মো. মুজাহিদুর রহমান (২২) নামে এক তরুণ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার কর্মধা ইউনিয়নের পূর্ব ফটিগুলি গ্রামের নিজবাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। মুজাহিদ ওই গ্রামের মো. ইরা মিয়ার ছেলে।

রাতে পরিবারের অজান্তে ঘুমানোর কোনো একসময় চুরির অপবাদ সইতে না পেয়ে মুজাহিদ বসতঘরের তীরের সাথে গলায় কাপড় পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পরিবারের সদস্যরা মুজাহিদের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন।

থানার উপপরিদর্শক (এসআই) সুজন তালুকদার ও মোস্তাফিজুর রহমান খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিকেলে তার মরদেহ উদ্ধার করেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, মরদেহ ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়াধীন রয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মুজাহিদের পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার রাত ১০টার দিকে পূর্ব ফটিগুলির স্থানীয় বাজারের একটি দোকানে মোবাইলের রিচার্জ কার্ড কিনতে যান মুজাহিদ। সেখানে বাবুল মিয়াসহ আরও কয়েকজন ক্রেতা ছিলেন। এ সময় বাবুলের মুঠোফোনটি হারিয়ে গেলে সবাই মুজাহিদকে দোষারোপ করে তার গালে চড়-থাপ্পড় মারেন এবং তার পরিবারকে খবর দেন। অবশ্য কিছুক্ষণ পর মুঠোফোনটি পাওয়া যায়।

পরে পরিবারের লোকজন দোকানে গিয়ে মুজাহিদকে মুক্ত করে বাড়িতে নিয়ে যান। এ ঘটনায় মুজাহিদ মানসিকভাবে ভেঙে পড়েন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন